https://www.a1news24.com
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৯

কাউনিয়ায় অচেতন অবস্থায় যুবক উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবক মোঃ মতিউর রহমান (২৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত মতিউর রহমান পঞ্চগড় জেলার আটোয়ারী থানার রাধানগর ইউনিয়নের ছোট ধাপ গ্রামের মোখলেছুর রহমানের পুত্র বলে জানাগেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার ১২ সেপ্টেম্বর বিকেলে কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভুতছড়া মৌজায় বেইলি ব্রিজ সংলগ্ন হাইওয়ে সড়কের দক্ষিণ পাশে নালার পাড়ে অজ্ঞাত এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কাউনিয়া মেডিকেলের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে শহীদবাগ ইউনিয়নের চৌকিদার নুর আলমসহ অ্যাম্বুলেন্সযোগে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে প্রযুক্তির সহায়তায় পুলিশ অচেতন যুবকের পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের সদস্যরা জানান, মতিউর রহমান প্রায়ই রংপুরে যাতায়াত করতেন। সে গত ১২ সেপ্টেম্বর সকালে রংপুরে কাজ আছে বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে বিষ জাতীয় দ্রব্য সেবনের বিষয়টি জানা গেছে। তবে কী কারণে তিনি বিষ জাতীয় দ্রব্য সেবন করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধান করছে পুলিশ। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতের চাচা মোঃ দুলাল হক বাদী হয়ে কাউনিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। মামলা নম্বর-১৯, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬।

আরো..