১৩ জুন ২০২৬ শনিবার বিকেল ৪টায় বাংলা মোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তন (লিফট ১) এ রেড ফেমিনিস্ট ব্লকের আয়োজনে “কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর স্মরণ এবং রেড ফেমিনিস্ট ব্লক এর আত্মপ্রকাশ” শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করা হয়। কমিউনিস্ট ইন্টা্রন্যাশনাল সংগীত এর মাধ্যমে সভা উদ্বোধন করা হয়। রেড ফেমিনিস্ট ব্লকের সদস্য তমশ্রী দাশ তমার সঞ্চালনায় কর্মসূচিতে কল্পনা চাকমার ডায়েরি থেকে কিছু অংশ পাঠ করে ফারজানা বহ্নি, কল্পনা চাকমার সংগঠন হিল উইমেনস ফেডারেশন থেকে সাংগঠনিক বক্তব্য প্রদান করে রুপসী চাকমা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানিয়াহ মাহমুদা তিন্নী। এর পাশাপাশি সভায় অস্ট্রেলীয় নারীবাদী জোয়েস স্টিভেনস এর কবিতা ‘কেন নারীবাদী আন্দোলন’ আবৃত্তি করেন মারজিয়া প্রভা এবং সংগীত পরিবেশনা করেন ওয়ারদা আশরাফ।
রেড ফেমিনিস্ট ব্লক বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশা, জাতিসত্তা ও লৈঙ্গিক পরিচয়ের সমন্বয়ে গড়ে ওঠা একটি নারীবাদী রাজনৈতিক প্লাটফর্ম। রেড ফেমিনিস্ট ব্লক নিজেদের একটি কর্পোরেটবিরোধী, সাম্রাজ্যবাদবিরোধী ও স্বাধীন নারীবাদী প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে চায়। তাদের লক্ষ্য— লৈঙ্গিক মুক্তির সংগ্রামকে জনগণের গণতান্ত্রিক লড়াইয়ের সাথে যুক্ত করে সকল শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ নির্মাণ করা। প্রচলিত নয়া-ঔপনিবেশিক ও উদারবাদী নারীবাদের বিপরীতে আমরা জনগণের নারীবাদী রাজনীতির ভিত্তি প্রতিষ্ঠা করতে চায়।
এই প্রসঙ্গে রেড ফেমিনিস্ট ব্লকের সদস্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানিয়াহ মাহমুদা তিন্নী বলেন, ‘ পাহাড়ে নারীদেরকে যেমন নারী মুক্তির আন্দোলন করতে হয়, তেমনি পাহাড়ি নারী হিসেবে তার পৃথক লড়াই করতে হয়। আধিপত্যকামী জাতির বিরুদ্ধে নিজেদের জাতিসত্তার মুক্তির লক্ষ্যেও লড়াই করতে হয়। আমাদের সংগঠনটি এরকম ভিন্ন পরিচয়, ভিন্ন অভিজ্ঞতার লৈঙ্গিক ভাবে নিপীড়িত সকলকে ঐক্যবদ্ধ করে নারীবাদী আন্দোলনকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ’।
হিল উইমেনস ফেডারেশনের সংগঠক রুপসী চাকমা বলেন, ‘২৮ বছর ধরে কল্পনা চাকমার তদন্তের প্রহসন করার পর গত ২০২৫ সালে রাঙ্গামাটি কোর্ট এ মামলাকে খারিজ করার আদেশ দেয়। অথচ কল্পনা চাকমার ভাই কালিন্দী চাকমা এবং মা বাজুনি চাকমা একাধিক বক্তব্যে জানিয়েছেন ১৯৯৬ সালে ১২ জুন কারা কল্পনা চাকমাকে অপহরণ করেছে। অথচ রাষ্ট্র লেফটেন্যান্ট ফেরদৌসকে বিচারের আওতায় আনে তো নেই, বরং তিনি নির্বিঘ্নে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন। সোহাগী জাহান তনুর মামলায় দীর্ঘ বছর পর যেহেতু আলোর মুখ দেখেছে, চিহ্নিত অপরাধীকে কারাবন্দী করা হয়েছে, তাই আমরা আশা দেখি কল্পনা চাকমার মামলাও আলোর মুখ দেখবে’।
কর্মসূচিতে রেড ফেমিনিস্ট ব্লকের সদস্যদের কর্তৃক রাজনৈতিক ইশতেহার পাঠ করে সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।