https://www.a1news24.com
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৯

কলারোয়ায় আ’লীগের সাবেক এমপিসহ ৫৪ জনের নামে মামলা, ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগেরর সাবেক সাংসদ ফিরোজ আহমেদ স্বপন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুসহ ৫৪ জন ও অজ্ঞাতনামা ৬০ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার বেয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বেনজির আহমেদ বাদী হয়ে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কলারোয়া থানায় এ মামলা দায়ের করেন।

মামলার প্রাথমিক বিবরণীতে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ সংলগ্ন বোয়ালিয়া গ্রামের ইটের সোলিং রাস্তার উপর এলাকার বিভিন্ন স্থান থেকে আসা আওয়ামী লীগ নেতা ও কর্মীরা পরস্পরের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন, প্ররোচনা এবং অর্থযোগানের মাধ্যমে একত্রিত হন। পরে তারা জনসাধারণকে স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত রাখা এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকান্ড সংঘটনের উদ্দেশ্যে রাস্তা বন্ধ করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করেন। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে বলে অভিযোগ করা হয়েছে।এজাহারে আরও দাবি করা হয়েছে, আসামীদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য।

কলারেয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান এজাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহারের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলা নম্বর-২৬। এঘটনায় পুলিশ নাহিদুল ইসলাম নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, অন্য আসামিদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো..