https://www.a1news24.com
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৭

এ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ প্রবৃদ্ধি ১৩ শতাংশের বেশি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশে প্রবাসী বাংলাদেশিরা ৯ দশমিক ৩৬৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮ দশমিক ২৭৮ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সংশোধিত তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৭৪ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৬৯২ মিলিয়ন ডলার। এ হিসাবে অক্টোবরের প্রথম সাত দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ। এদিকে, গত ৭ অক্টোবর একদিনেই ১২৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

অপরদিকে চলতি অক্টোবর মাসের প্রথম ৫ দিনেই (১ থেকে ৫ অক্টোবর) দেশে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৫ অক্টোবর একদিনেই এসেছে ১০৯ মিলিয়ন মার্কিন ডলার।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরে (২০২৬-২৭) ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয়ে ২১ দশমিক ৪ শতাংশ মাসিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত বছরের একই সময়ে (১-৫ অক্টোবর, ২০২৫) রেমিট্যান্স এসেছিল ৪২২ মিলিয়ন ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় চলতি মাসের প্রথম ৫ দিনেই ৯১ মিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট ৯ হাজার ১০৪ মিলিয়ন (৯.১০ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে এসেছে। গত অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ৫ অক্টোবর, ২০২৫) এই পরিমাণ ছিল ৮ হাজার ৮ মিলিয়ন ডলার। সেই হিসাবে এই সময়ে বছরওয়ারি (ইয়ার-অন-ইয়ার) প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৭ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আনবে।

আরো..