https://www.a1news24.com
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৮

এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ, হতে পারে রক্তক্ষরণ: সতর্কবার্তা স্বাস্থ্যমন্ত্রীর

এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, যেখানে রোগীদের শরীরে রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতির কথা উল্লেখ করে সবাইকে আগে থেকেই সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবারের ডেঙ্গুর ধরন আরও ভয়াবহ হতে পারে, যা হেমোরেজিক রূপ নিতে পারে। এতে আক্রান্ত রোগীদের শরীরে রক্তক্ষরণের ঝুঁকি থাকতে পারে।

তিনি বলেন, “সবার আগে সচেতনতা জরুরি। আগে থেকেই সতর্ক না হলে পরিস্থিতি জটিল হতে পারে।”

ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, দুই থেকে তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হবে। যেসব প্রতিষ্ঠানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে। পাশাপাশি নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণ অপরিহার্য। তার মতে, ডেঙ্গু প্রতিরোধে জনগণ ও সিটি করপোরেশনের দায়িত্ব সমানভাবে পালন করতে হবে।

তিনি জানান, জরিপ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ এবং ২৮টি ওয়ার্ড উচ্চ ঝুঁকিতে রয়েছে। জনগণের সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরো..