জনআকাঙ্খার বাংলাদেশ গড়তে ইসলামই একমাত্র বিকল্প
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম এদেশের বিরানব্বই ভাগ মানুষের হৃদয়জুড়ে আছে। এদেশের মানুষ ইসলামকে ভালবাসে, ইসলামের আলোকে দেশ পরিচালিত হোক তা চায়। কিন্তু একটি মহলের অতি ক্ষমতার লোভের কারণে দেশে ইসলামী শরীয়াহ তথা ইসলামী হুকুমত কায়েম হয়নি। তারা আমেরিকা ও ভারতের অনুকম্পা পেতে নির্বাচনী ইশতেহার থেকে ইসলাম শব্দটি বাদ দিয়েছে এবং ইসলামী শরীয়াহর আলোকে দেশ পরিচালনা করবে না বলে তাদেরকে আশ্বস্ত করেছে। তিনি বলেন, যারা ইসলামের কথা বলে জাতিকে ধোকা দেয়, তাদের সম্পর্কে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, হেকমতের নামে মিথ্যার আশ্রয় ইসলাম সমর্থন করে না। ইসলাম সার্বজনীন ও কালজয়ী আদর্শ। ইসলামের আলোকে নিজেকে আলোকিত করা এবং ইসলামের আলোকে দেশ ও সমাজকে আলোকিত করাই আমাদের কাজ। দেশ পরিচালনায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই, সেকথা বার বার বলে সাধারণ মানুষকে উদ্ধুব্ধ করতে হবে। ইসলামের সুন্দর নিয়ম, নীতিসহ ভাল দিকগুলো তুলে ধরে জনগণকে আকৃষ্ট করতে হবে। কেননা সকল অশান্তির মূলে অনৈসলামি শাসন ব্যবস্থা। শান্তি ও মুক্তি পেতে ইসলামের বিকল্প নেই।
আজ বিকেলে পাবনা জেলা কাশিনাথপুরের একটি মাদরাসা মিলনায়তনে পাবনা জেলা পূব শাখার আয়োজনে জেলা মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি মাওলানা সেলাইমান জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো. রাশেদুল ইসলাম এমএসসির সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ নুরুন্নাবী।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হলেও বিজয়ের ৫৫ বছর পরও এদেশের মানুষ ন্যায় বিচার পায়নি। দেশের জনগণ এখনো শোষণ বঞ্চনার শিকার। ন্যায় বিচার থেকে বঞ্চিত। সন্ত্রাস দুর্নীতি ও মাদকের করালগ্রাসে নিমজ্জিত। এমতাবস্থায় জনআকাঙ্খার বাংলা বৈষম্যহীন, শোষণ বঞ্চনামুক্ত বাংলা প্রতিষ্ঠিত করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। এজন্য সকলকে একযোগে মিলেমিশে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। বর্ন্যাত্ব অসহায় ও পানিবন্দি মানুষের সহায়তায় দলের নেতাকর্মীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে চট্টগ্রাম ও নিম্নাঞ্চল অতি ঢলে পানির নিচে। এমতাবস্থায় মানুষ মানবেতর জীভন যাপন করছে। সরকারের ত্রাণ তৎপরতা ও পানিবন্দি মানুষকে উদ্ধারে আরো ব্যাপক ভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, চলমান ভয়াবহ নারী ধর্ষণ, খুন, চাঁদাবাজিসহ অপরাধ বন্ধে কুরআনের শাসনই একমাত্র সমাধান। স্বাধীনতাকে অর্থবহ ও শোষণ বঞ্চনামুক্ত করতে হলে সর্বত্র আল্লাহর আইন কায়েম করতে হবে।
শূরা অধিবেশনে মাওলানা সোলাইমান জাহাঙ্গীরকে সভাপতি ও মো. রাশিদুল ইসলাম এমএসসিকে সেক্রেটারী করে পাবনা জেলা পূর্ব শাখার ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করে পীর সাহেব চরমোনাই।