প্রেস বিজ্ঞপ্তি -গত বুধবার ২০ মে, 2026 বেলা ১১.০০ টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে দেশের শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও শ্রমিকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি জনাব গাজী জসীম উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ নেতৃবৃন্দ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বেপজা ও কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব গাজী জসীম সভায় ঈদ-উল-আযহার ছুটি শুরু হওয়ার আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দদেরকে অনুরোধ জানান। বেতন-বোনাসের দাবিতে কোনভাবেই শ্রমিকরা যেন সড়ক-মহাসড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইউনিট প্রধানদেরকে নিদের্শনা প্রদান করেন। একই সঙ্গে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সংগঠনের নেতৃবৃন্দকে সহযোগিতা করার আহবান জানান। এ বিষয়ে সরকার প্রদত্ত নিদের্শনা যথাযথ বাস্তবায়নের জন্য পুলিশ কর্মকর্তাদের নিদের্শনা প্রদান করেন। এছাড়াও পুলিশ কর্মকর্তাদেরকে সরকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ প্রদান করেন।
তিনি আরও বলেন, কারখানা আসন্ন ঈদ-উল-আযহার বেতন-বোনাস পরিশোধে কিছু সংখ্যক ফ্যাক্টরি ব্যর্থ হওয়ার আশংকা রয়েছে। সেই সকল ফ্যাক্টরির মালিকপক্ষের সাথে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারী সংস্থার উদ্যেগে দ্রুত আলোচনা করে যথাসময়ে বেতন-বোনাস এবং ছুটি নিশ্চিত করা ও ঈদের আগে শ্রমিক ছাঁটাই না করার জন্য মালিকপক্ষকে অনুরোধ করেন।
বিজিএমইএ এর সহ-সভাপতি রেজওয়ান সেলিম বলেন, সাব-কন্ট্রাক্ট ফ্যাক্টরিগুলোর প্রতি সরকারের বিশেষ নজরদারি রাখা প্রয়োজন। এ বিষয়ে বিজিএমইএ ও তদারকি করবে। বিকেএমইএ এর পরিচালক মোঃ বেলায়েত হোসেন রিপন বলেন- শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে আমরা বদ্ধপরিকর। তবে, স্বার্থান্বেষী শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ন্ত্রণ করা না গেলে ফ্যাক্টরি চালানো অসম্ভব। রাতের বেলায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় পুলিশি টহল আরো জোরদার করার অনুরোধ জানান। সভায় অন্যান্য বক্তারা বলেন, বিগত বছরগুলোর তুলনায় এ সময়ে পরিস্থিতি অনেকটাই আশাব্যঞ্জক।
অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি অপারেশন এন্ড ক্রাইম জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন, ডিআইজি এডমিন জনাব হারুন-উর-রশিদ হাযারী, ডিআইজি ইন্টেলিজেন্স জনাব মোঃ জুলফিকার আলী হায়দার প্রমুখ।