https://www.a1news24.com
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৯

ঈদের আনন্দঘন মুহূর্তেও সড়কে থামেনি মৃত্যুমিছিল, একদিনে সারাদেশে ২৬ জন নিহত

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে গোপালগঞ্জে পাঁচজন, গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত তিনজন, দিনাজপুর, নরসিংদী ও পটুয়াখালীতে দুজন করে এবং ফরিদপুরে চারজন, চট্টগ্রামে তিনজন, বগুড়ায় দুজন ও মাদারীপুর, টাঙ্গাইল ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন।

ঈদের আনন্দঘন মুহূর্তেও সড়কে থামেনি মৃত্যুমিছিল। এক দিনে সারাদেশে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

বুধবার (২৭ মে) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৮ মে) রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এসব নিহতের ঘটনা ঘটে। এর মধ্যে গোপালগঞ্জে পাঁচজন, গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত তিনজন, দিনাজপুর, নরসিংদী ও পটুয়াখালীতে দুজন করে এবং ফরিদপুরে চারজন, চট্টগ্রামে তিনজন, বগুড়ায় দুজন ও মাদারীপুর, টাঙ্গাইল ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন।

অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করবেন বলে ঢাকা থেকে বাসে করে রওনা হয়েছিলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কোলারদোনিয়া গ্রামের সোহাগ (৪০)। ঈদের দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বেদগ্রাম স্ট্যান্ডে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। এ সময় প্রাণ হারান সোহাগ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা বেগম ও ছয় বছরের ছেলে আহমদ আলী।
এ দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার সমেশ ঢালীর ছেলে শাওন ঢালী ও একই উপজেলার মাহাবুব শেখের ছেলে শোয়েব শেখ। গোপালগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন।

পটুয়াখালীতে নিহত ২

ঈদের আনন্দঘন মুহূর্ত যেন মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে পটুয়াখালীর গলাচিপায়। মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আল ফয়সাল (২২) ও তামিম ইকবাল (১৬) নামে দুই তরুণ।

বৃহস্পতিবার সকাল ১০টা ১৩ মিনিটের দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পৌরশহরের গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তামিম ইকবাল গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো: ঝিলাম মিয়ার ছেলে। অপরদিকে নিহত আল ফয়সাল তামিরুল মিল্লাত মাদরাসার ঢাকার টঙ্গী শাখার এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন (আবু) মিয়ার ছেলে।

দিনাজপুরে ২ শিশু নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে মায়ের সঙ্গে ঈদের দিন সকালে বাড়ি ফেরার পথে আব্দুল্লাহ (৪) ও আরিফা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই শিশুর মা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ (৪) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাড়ো আরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা (৪)।

গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩

গাইবান্ধায় সুন্দরগঞ্জে ঈদের দিনে প্রাণ হারালেন এক নারী। বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের মওলানা ভাসানী সেতুর উত্তরপ্রান্তে শহরের মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
৪৫ বছর বয়সী ও নারীর নাম মালেকা বেগম। নিহত মালেকা বেগম উপজেলার হরিপুর ইউনিয়নের ডাঙ্গারচর গ্রামের পশু চিকিৎসক মনছুর আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জুলিয়াস রহমান।
এছাড়া গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় দুইজন নিহত হয়েছেন।

বুধবার রাত পৌঁনে ১টার দিকে পৌরশহরের রাইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনার দায়িত্বে থাকা গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক।

নিহত একজন ছাত্রলীগ নেতা হাসান আলী প্রধান (২৬)। হাসান আলী পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন এবং পৌরশহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে। নিহত অপরজন একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে সিদ্দিক আলী (৩৫)। সিদ্দিক রিকশা চালক ছিলেন।

নড়াইল, টাঙ্গাইল ও মাদারীপুরে একজন করে নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় ঢাকা-বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাব্বির গাজী (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শওকত হোসেন (১৯) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৩ টা ১৫ মিনিটের দিকে উপজেলার আলমুন্সির মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।

নিহত মোটরসাইকেল চালক সাব্বির গাজী যশোর জেলার অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে ও আহত শওকত হোসেন একই গ্রামের রিপন গাজীর ছেলে।

এদিকে টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কানন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

বৃহস্পতিবার বিকেলে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পুকুরপাড় মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় এই তরুণ শিক্ষার্থী। নিহত কানন উপজেলার জিতাশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এছাড়া মাদারীপুরের শিবচরের বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুসংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুরে।

ফরিদপুরে নিহত ৪

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গঙ্গাদরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৫) এবং বরিশাল সদর উপজেলার রূপাতলী হাউজিং এলাকার জিয়ানগর মহল্লার জাহাঙ্গীর শরীফের ছেলে আল ইমরান শরীফ (২৮)।

অন্যদিকে, ঈদের দিন পদ্মা সেতু দেখতে গিয়ে ফরিদপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন পদ্মা সেতু ভ্রমণের উদ্দেশ্যে নম্বরবিহীন একটি মোটরসাইকেলে মধুখালী থেকে রওনা দেন রাজন ও ইব্রাহিম। পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নারানখালী ব্রিজ এলাকায় পৌঁছালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজন শেখ নিহত হন।

গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালক ইব্রাহিম ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী রেলস্টেশনে নিহত ২

ঈদের নতুন জামা কিনে আর বাড়ি ফেরার পথে নিহত হয় ১৮ মাস বয়সী শিশু সাফওয়ান হাসেন এবং তার মা। ঈদযাত্রায় বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারান মা-ছেলে।
বুধবার সন্ধ্যায় নরসিংদী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুর উপজেলার কারারচর এলাকার সুজন মিয়ার স্ত্রী সাথী বেগম (২৭) এবং তাদের ১৮ মাস বয়সী ছেলে সাফওয়ান হাসেন।
ফেরার পথে নরসিংদী রেলস্টেশনের প্লাটফর্ম অতিক্রম করার সময় দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার ভেল্লাপাড়া ব্রিজসংলগ্ন তালতল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঈগল পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে উল্টো পথে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলার (লেগুনা) সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।সংবাদ প্রতিবেদন পরিষেবা

বগুড়ায় দুই বন্ধু নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে শেরপুর উপজেলার শুভগাছা আকন্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

নিহত অপরজনের নাম তামিম হোসেন (১৮)। তিনি শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে। তামিম শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন মো. রাজন, মো. সিয়াম, মো. হাসান ও ছামির। তারা সবাই একে অপরের বন্ধু বলে জানা গেছে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঈদের দিন সড়ক তুলনামূলক ফাঁকা থাকায় মোটরসাইকেলগুলো দ্রুতগতিতে চলছিল। রাত ৮টার দিকে ধুনট থেকে শেরপুরগামী দুটি মোটরসাইকেল এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা, দিলরুবা জানান, হাসপাতালে নেয়ার পর আবু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। আহত অপর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে নেয়ার পথেই তামিম হোসেন মারা যান।

শেরপুর থানার এসআই বিকাশ বলেন, দুর্ঘটনাকবলিত তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো..