https://www.a1news24.com
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩

ইরান যুদ্ধ শেষ করতে চীনের সাহায্য প্রয়োজন নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন চীনের রাষ্ট্রীয় সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন, তবে এ বিষয়ে চীনের কোনো সহায়তার প্রয়োজন নেই।

মঙ্গলবার হোয়াইট হাউস থেকে চীনের উদ্দেশে রওনা দেওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমার মনে হয় না ইরানের বিষয়ে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে। আমরা যেকোনো উপায়েই জিতব, শান্তিপূর্ণ হোক বা অন্যভাবে।” তিনি আরও জানান, শি-র সঙ্গে আলোচনা এই বিষয়ে গুরুত্বপূর্ণ হবে, কিন্তু সহায়তার প্রয়োজন নেই।

বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির নেতারা ছয় মাসেরও বেশি সময় পর মুখোমুখি আলোচনা করবেন। আলোচনার মূল উদ্দেশ্য হলো বাণিজ্য, ইরান ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ এবং অন্যান্য মতবিরোধের কারণে সৃষ্ট চাপ মোকাবেলা করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থিতিশীল করা।

চীন ইরানের তেলের বড় ক্রেতা এবং বেইজিং প্রকাশ্যে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের তেল বাণিজ্যে অংশ নিচ্ছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, “অবরোধের দিক থেকে দেখলে কোনো সমস্যা নেই। তারা ওই এলাকা থেকে তেলের বড় অংশ পায়। এছাড়া শি আমার বন্ধু।”

উল্লেখ্য, উইন্ডওয়ার্ড মেরিটাইম ইন্টেলিজেন্স গ্রুপের তথ্য অনুযায়ী, চীন ইরানের অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ ক্রয় করে।

আরো..