https://www.a1news24.com
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৯

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কড়া অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও টহল জোরদারে রাজধানীতে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বের করতে পারে সংগঠনটি। আর এতে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নেতাকর্মীরা সংঘর্ষে জড়াতে পারে, এমন আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আগেই জানিয়েছিল, ২৩ জুন ঘিরে রাজধানীতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ২ শতাধিক জায়গায় বসবে বিশেষ চেকপোস্ট, চলবে পিকেটিং ও ব্লকরেইড, থাকবে গোয়েন্দা নজরদারি, ৪টি কন্ট্রোল রুম থেকে চলবে নিরাপত্তা পর্যবেক্ষণ এবং স্ট্যান্ডবাই থাকবে ১৫টি কুইক রেসপন্স টিম।

এ ছাড়া, রাজধানীর ১৫ স্থানে মোতায়েন থাকবে ১ প্ল্যাটুন করে বিজিবি। তল্লাশি ও টহলের দায়িত্ব থাকবে র‌্যাবের বিশেষ টিম।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অপতৎপরতা ঠেকাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

অপরাধ বিশ্লেষকরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ বড় কিছু করতে পারবে না। তবে, জনগণের জানমালের ক্ষতি ঠেকাতে সজাগ থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। নাশকতা এড়াতে গোয়েন্দা নজরদারির বাড়ানোর পরামর্শ তাদের।

আরো..