ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী ‘তুসকা’ কার্গো জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান—এমন দাবি উঠেছে তেহরানের পক্ষ থেকে। বিষয়টি সামনে আসে ইরানের আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে।
ইরানের সশস্ত্র বাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র দাবি করেন, চীন থেকে ওমান উপসাগরের দিকে যাত্রা করা ইরানি জাহাজটি মার্কিন বাহিনী আটক করে এবং গুলি চালিয়ে এর নেভিগেশন সিস্টেম অচল করে দেয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্টকম জানায়, তারা ওমান উপসাগরে ‘তুসকা’ নামের ইরানি কার্গো জাহাজটি জব্দ ও লক্ষ্যবস্তু করেছে।
ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, এর জবাবে মানববিহীন আকাশযান বা ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালানো হয়। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘দস্যুতা’ আখ্যা দিয়ে ভবিষ্যতেও প্রতিক্রিয়া অব্যাহত রাখার হুঁশিয়ারি দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উত্তেজনার মধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায় বলে দাবি করা হয়। ওই সংঘাতে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা চলে।
পরে আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা এলেও দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সমঝোতা হয়নি বলে জানানো হয়।