https://www.a1news24.com
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৩১

আমেরিকার ‘ফ্যান্টাসটিক শর্টস’-এ লড়বে বাংলাদেশের ‘লোক’

বিনোদন প্রতিবেদক: গত বছর আগস্টের শেষদিকে চাকরি করা কিছু তরুণ সীমিত পরিসরে, স্বল্প খরচে গল্প তৈরির চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছিল। নিজেদের নাম দিলেন তাঁরা ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স (এফএনএফ)’। বন্ধু-বান্ধবকে ক্যামেরার আগে-পিছে নিয়ে একে একে তৈরি করলেন ১০টি শর্টফিল্ম। সেই প্রোজেক্টেরই একটি চলচ্চিত্র ‘লোক’।

ঠিক এক বছর পর এই সিনেমা নিয়ে এল আনন্দের সংবাদ। আগামী সেপ্টেম্বরে আমেরিকায় অনুষ্ঠিতব্য ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যালের ফ্ল্যাগশিপ বিভাগ ‘ফ্যান্টাসটিক শর্টস’-এ লড়বে সিনেমাটি।

পরিচালক মাহমুদা সুলতানা রীমা ছাত্রজীবনে বেশকিছু শর্টফিল্ম বানালেও কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবারই প্রথম যাচ্ছে তাঁর নির্মাণ। তিনি বলেন, ‘লোক একটা মেটাফরিক গল্প। হরর আর ফোকলোর জনরার। আমরা চেয়েছিলাম সমাজের কিছু দিক রূপকভাবে এই ফিল্মে তুলে ধরতে। আমরা চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক পৃথিবী গড়ে তুলতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে। টিমের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।’

যোগ করে তিনি আরও বলেন, ‘যেকোনো স্বীকৃতিই আনন্দের। আমাদের সিনেমা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে এটাই আমাদের জন্য অনেক বড় সংবাদ।’যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও বেশ জনপ্রিয় জনরা ফিল্ম উৎসব এটি। বিশেষত হরর, সায়েন্স-ফিকশন, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট সিনেমার জন্য। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বসবে এই উৎসবের ২০তম আসর।

সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম। তিনি বলেন, ‘লোক আমার জীবনের অন্যতম বিশেষ একটি কাজ। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ যে তিনি এমন একটা চরিত্রে জন্য আমাকে ভেবেছেন। কাজটা করার সময় চিন্তা করিনি আমাদের সিনেমা দেশের বাইরেও এমনভাবে সমাদৃত হবে। এটা আমাদের পুরো টিমের জন্য যেমন আনন্দের, তেমন গর্বেরও বটে।’

লোক-এ আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকতসহ অনেকে।

এফএনএফ’র মুখপাত্র ও লোক-এর চিত্রনাট্যকার শেখ কোরাশানী বলেন, ‘সত্যি কথা বলতে, আমদের অনেক স্বপ্নের এই প্রোজেক্টটা যে আলোর মুখ দেখবে—এটা আমরা নিজেরাই ভাবিনি। সেখান থেকে বিশ্ব সিনেমার বিভিন্ন উৎসবে আমাদের সিনেমাগুলো নির্বাচিত হচ্ছে—এটা আমাদের জন্য সত্যিই আনন্দের। এর আগে সোলমেট (কো-রাইটার) রাশিয়ার আন্তারিজ ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছিল, আর এবার লোক যাবে আমেরিকার ফ্যান্টাস্টিক ফেস্টের মূল প্রতিযোগিতায়। এই অর্জনগুলো আমাদের পরবর্তী কাজে অনুপ্রেরণা যোগাবে।’

জানা যায়, সাভারের একটি এলাকায় দৃশ্যধারণ হয়েছে লোক শর্টফিল্মটির। নির্বাহী প্রযোজনা ছাড়াও সিনেমাটির সম্পাদনা করেছেন কনক খন্দকার। চিত্রগ্রহণ করেছেন রাফি উদ্দিন। সংগীতায়োজন করেছেন অভিষেক ভট্টাচার্য। কস্টিউম করেছেন নাবিলা ইলিয়াছ তারিন এবং আর্ট করেছেন সাদিয়া সিরাজ সাবা ও কানিজ ফাতেমা লাবণ্য। সার্বিক সহযোগিতায় ছিল এফএনএফ টিমের অন্যান্যরা।

আরো..