রাজধানীর যাত্রীদের সুবিধার্থে আজ রোববার (৭ জুন) থেকে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উভয় প্রান্তে ২০ মিনিট করে সময় বৃদ্ধি পাওয়ায় রাতের শেষ ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এসেছে।
নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল স্টেশন থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। আর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে।
এর আগে মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে এবং উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশে সর্বশেষ ট্রেন যাত্রা শুরু করত রাত ৯টা ৩০ মিনিটে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের সেবা সম্প্রসারণের আগে প্রায় এক মাস ধরে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বর্ধিত সময়সূচি কার্যকর করা হয়েছে।
তবে প্রাথমিক পর্যায়ে বাড়তি ২০ মিনিট সময়ে মাত্র একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। এর মধ্যে একটি ট্রেন মতিঝিলমুখী এবং অন্যটি উত্তরামুখী চলাচল করবে। ফলে ওই সময়ে ট্রেনগুলোর মধ্যে প্রায় ১০ মিনিট ব্যবধান থাকবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়। শুরুতে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে চলাচল শুরু হলেও পরবর্তীতে ধাপে ধাপে নতুন স্টেশন যুক্ত করে সেবার পরিধি বাড়ানো হয়।