https://www.a1news24.com
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৬

আইআরজিসির অর্থনৈতিক নেটওয়ার্ক ভাঙতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) ‘ফাইন্যান্সিয়াল মেকানিজম’ ভাঙার জন্য তথ্য দিলে প্রণোদনা হিসেবে সর্বোচ্চ ১৫ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্র দফতর এই পদক্ষেপকে ‘রেওয়ার্ড ফর জাসটিস’ নামে আখ্যা দিয়েছে।

সাথে সাথেই, ইরান থেকে চীনে তেল পরিবহনে সহায়তার অভিযোগে কয়েকটি কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার (১১ মে) মার্কিন পররাষ্ট্র দফতরের ঘোষণা অনুযায়ী, তিনজন ব্যক্তি এবং নয়টি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় এসেছে। এর মধ্যে চারটি হংকংভিত্তিক, চারটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এবং একটি ওমানভিত্তিক। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বলেছে, তারা আইআরজিসিকে তেল রফতানিতে সহায়তা করছিল এবং একাধিক ফ্রন্ট কোম্পানি ব্যবহার করে লেনদেন পরিচালনা করছিল।

এর আগে, গত শুক্রবারও ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত অস্ত্র ও যন্ত্রাংশ সরবরাহের অভিযোগে কয়েকজন ব্যক্তি এবং কিছু প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে ইরান ইস্যুতে চাপ সৃষ্টি এবং হরমুজ প্রণালিতে স্থিতিশীলতা নিশ্চিত করতে চীনের সহযোগিতা চাওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, এই নেটওয়ার্কটি ইরানের পক্ষে বিদেশি ক্রেতাদের কাছে তেল বিক্রি ও পরিবহন করছিল। আইআরজিসির শাহিদ পুরজাফারি অয়েল হেডকোয়ার্টারের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা এসব অবৈধ লেনদেনের সমন্বয় করতেন। ওয়াশিংটনের দাবি, এসব তেল থেকে অর্জিত অর্থ সাধারণ মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে না, বরং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ও সামরিক কার্যক্রমে ব্যয় হচ্ছে, যা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াচ্ছে।

যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে ‘ইকনোমিক ফিউরি’ কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করেছে।

আরো..