https://www.a1news24.com
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৭

অভিনেতা আলভীর স্ত্রীর মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়, দায়িত্বে ডিবি পুলিশ

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচণার মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আদালত আগামী ২৪ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রোববার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।

পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, গত ১৪ মে মামলাটির তদন্ত দায়িত্ব থানা পুলিশ থেকে ডিবিতে স্থানান্তর করা হয়। নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় আদালত নতুন তারিখ ধার্য করেছেন।

মামলার নথি অনুযায়ী, গত ১ মার্চ রাজধানীর মিরপুরে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ হাসপাতাল ও বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

একই দিন রাতে ইকরার বাবা কবির হায়াত খান আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় দাবি করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

মামলায় আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে।

আরো..