স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ১৭ জানুয়ারি বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশ নিচ্ছে ১৬টি দল।
মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। আজ উদ্বোধনী দিনে ৩টি খেলা। গতবারের রানার্স আপ ও সফলতম দল, ৫ বারের চ্যাম্পিয়ন ভারত বুলাওয়েতে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে আর নামিবিয়াতে তানজানিয়া খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
‘বি’ গ্রুপে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। চার গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে মোট ১২টি দল উঠবে সুপার সিক্স পর্বে। যেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। সুপার সিক্সে উঠলে ১ নম্বর গ্রুপে পড়বে বাংলাদেশ। যেখানে থাকবে ‘সি’ গ্রুপের তিনটি দল।
গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘সি’: ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে
গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও ওয়েস্ট ইন্ডিজ