বিনোদন ডেস্ক: লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে চোখ-ধাঁধানো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের। যেখানে সেরা অভিনেতার পুরস্কার ওঠে অ্যাড্রিয়েন ব্রডির হাতে। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। এ ছাড়া মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন ‘আনোরা’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা চলচ্চিত্রের পুরস্কারও ঘরে তুলেছে এ সিনেমাটি। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনান ও’ব্রায়েন।
২০২৫ সালের অস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা সেরা সহ-অভিনেতা: ‘এ রিয়েল পেইন’ সিনেমার জন্য কিয়েরেন কালকিন।
সেরা অ্যানিমেটেড ফিচার: ফ্লো।
সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস।
সেরা পোশাক পরিকল্পনা: ‘উইকেড’ সিনেমার জন্য পল ট্যাজওয়েল।
সেরা মৌলিক চিত্রনাট্য: ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার।
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: ‘কনক্লেভ’ সিনেমার জন্য পিটার স্ট্রন।
সেরা মেকআপ: ‘দ্য সাবস্টেন্স’ সিনেমার জন্য পিয়ের-অলিভিয়ের পারসিন, স্টেফানি গুইলন ও মেরিলিন স্কার্সেলি।
সেরা সম্পাদনা: ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার।
সেরা সহ-অভিনেত্রী: ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য জোয়ি সালদানা।
সেরা প্রোডাকশন ডিজাইন: ‘উইকেড’ সিনেমার জন্য নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস।
সেরা মৌলিক গান: ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার গান ‘এল মাল’।
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র: দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা।
সেরা প্রামাণ্য চলচ্চিত্র: নো আদার ল্যান্ড।
সেরা শব্দ পরিকল্পনা: ডুন ২।
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন ২।
সেরা স্বল্পদৈর্ঘ্য লাইভ-অ্যাকশন চলচ্চিত্র: আই এম নট এ রোবট।
সেরা চিত্রগ্রহণ: ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য লল ক্রাউলি।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)।
সেরা মৌলিক সংগীত: ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য ড্যানিয়েল ব্লামবার্গ।
সেরা অভিনেতা: ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য অ্যাড্রিয়েন ব্রডি।
সেরা পরচালক: ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার।
সেরা অভিনেত্রী: ‘আনোরা’ সিনেমার জন্য মাইকি ম্যাডিসন।
সেরা চলচ্চিত্র: ‘আনোরা’।
প্রথমবার ব্রাজিলে অস্কার অস্কারের আসরে ইতিহাস গড়েছে ব্রাজিলিয়ান ছবি ‘আই অ্যাম স্টিল হিয়ার’। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে জয়ী হওয়ার গৌরব অর্জন করল ব্রাজিল।
এ গুরুত্বপূর্ণ অর্জন ব্রাজিলিয়ান চলচ্চিত্রশিল্পের জন্য মাইলফলক বলে মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা। চলচ্চিত্রটি ব্রাজিলের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেছে, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ওয়াল্টার সালেস পরিচালিত এ হৃদয়স্পর্শী নাট্যচিত্রটি ইউনিস পাইভারের বাস্তব জীবনের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এটি ব্রাজিলের সামরিক স্বৈরশাসনের সময় তার স্বামীর রহস্যজনক অন্তর্ধানের পর কয়েক দশক ধরে ন্যায়বিচারের জন্য তার সংগ্রাম তুলে ধরে।
সম্প্রতি ছবিটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে, বিশেষ করে অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে চমকপ্রদ মনোনয়ন পাওয়ার পর। এ ছাড়া প্রধান অভিনেত্রী ফার্নান্দা টরেস সেরা অভিনেত্রীর জন্য মনোনীত হন, যা ছবিটিকে প্রতিযোগিতার অন্যতম প্রধান দাবিদার করে তোলে।
এ বিভাগে এবার বেশ কিছু আলোচিত ছবি ছিল। এর মধ্যে ছিল ফ্রান্সের ‘এমিলিয়া পেরেজ’, জার্মানির ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’, ডেনমার্কের ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’ ও লাটভিয়ার ‘ফ্লো’কে—সব ছবিকে হারিয়ে পুরস্কার ছিনিয়ে নিল ব্রাজিলের এ ছবি।
অস্কার মঞ্চে জেমস বন্ডকে সম্মান ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ড মঞ্চে এক চমকপ্রদ সংগীত পরিবেশনার মাধ্যমে কিংবদন্তি চরিত্র জেমস বন্ডকে সম্মান জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী লিসা, রে এবং দোজা ক্যাট।
হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত এ জমকালো সন্ধ্যায় তিন তারকা মিলে জেমস বন্ড সিরিজের আইকনিক গানগুলোর সংকলন পরিবেশন করেন।
জমকালো এ আয়োজনে লিসা তার শক্তিশালী পারফরম্যান্স দিয়ে মঞ্চ মাতান, ব্রিটিশ গায়িকা রে তার আবেগঘন কণ্ঠের মাধ্যমে বন্ড থিমকে নতুন মাত্রা দেন আর দোজা ক্যাট তার অনন্য র্যাপ পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেন।
বিশ্বজুড়ে বন্ড সিরিজের সুর ও গান বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। তাই এ বছর অস্কার মঞ্চে এমন অনন্য এক সংগীত ট্রিবিউট দর্শকদের জন্য ছিল বিশেষ চমক।