https://www.a1news24.com
১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৬

হেফাজতের কমিটি পুনর্গঠনসহ সিলেট মহানগর কওমি মাদরাসা ঐক্য পরিষদের নানা উদ্যোগ

দেশের আলেম-উলামার সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের সিলেট জেলা ও মহানগর কমিটি পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে শীঘ্রই কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব সিলেটে হেফাজতের কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এ বিষয়ে সিলেট মহানগর কওমি মাদরাসা ঐক্য পরিষদের এক সমন্বয় সভা শনিবার (১০ মে) সকালে জামেয়া মাহমুদিয়া সোবহানিঘাট মাদরাসায় অনুষ্ঠিত হয়। সভাটিতে হেফাজতের সিলেট জেলা ও মহানগর কমিটি পুনর্গঠনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।

এছাড়া কেন্দ্রের ডাকে ২৩ মে সিলেটে অনুষ্ঠিতব্য হেফাজতের বিক্ষোভ কর্মসূচি সফলের জন্য নানা প্রস্তুতি এবং সিলেট মহানগর কওমি মাদরাসা ঐক্য পরিষদের কার্যক্রম সুদৃঢ় করার উদ্যোগ গ্রহণ করা হবে- এমন সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে শনিবারের সভায়।

সিলেট মহানগর কওমি মাদরাসা ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক ও দারুল হুদা মাদরাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত বাকি সিদ্ধান্তগুলো হচ্ছে- পরিষদের কার্যক্রম সুদৃঢ় করার লক্ষ্যে উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময়, ১৪ মে বাদ মাগরিব জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসায় উপদেষ্টা কমিটির বৈঠক ও ২১ মে সিলেট মহানগর এলাকার মাদরাসাগুলোর মুহতামিম-পরিচালকের নিয়ে বিশেষ সভা।

সিলেট মহানগর কওমি মাদরাসা ঐক্য পরিষদ সূত্র জানায়- কেন্দ্রীয় নির্দেশে আগামী ২৩ মে সারা দেশের ন্যায় সিলেটেও হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ওই দিন সিলেট কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হবে সমাবেশ। এই কর্মসূচি সফলের লক্ষ্যে সিলেটের আলেম-সমাজ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

শনিবারের সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগরের নয়াসড়ক মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, শামীমাবাদ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, কাজিরবাজারস্থ জামেয়া মাদানিয়া সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, ফরিদাবাদ মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ফখরুয জামান, ঝালোপাড়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম মুশতাক, জামেয়া কাসিমুল উলুম দরগাহ-এর শিক্ষক মুফতি রশিদ আহমদ ও জামেয়া দারুস সালাম-এর সিনিয়র শিক্ষক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি।

আরো..