https://www.a1news24.com
২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫২

সিলেটে কোচ জাকিরের জানাজায় অশ্রুসিক্ত ক্রিকেটাঙ্গন

সিলেট প্রতিবেদক: বিপিএলের দ্বিতীয় দিনে হৃদয়বিদারক এক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে দেশের ক্রিকেটাঙ্গন। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত হন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কোচের আকস্মিক মৃত্যুতে গভীর শোক নেমে এলেও মাঠে নামে ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর বিপক্ষে পাঁচ উইকেটের জয় তুলে নেয় দলটি। ম্যাচ শেষে অধিনায়ক মোহাম্মদ মিঠুন এই জয় উৎসর্গ করেন প্রয়াত কোচ মাহবুব আলী জাকির স্মৃতির প্রতি।

ম্যাচ শেষ হওয়ার পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয় জাকির প্রথম জানাজা। জানাজায় অংশ নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কোচিং স্টাফ ও ক্রিকেট সংশ্লিষ্টরা।

শেষবারের মতো প্রিয় কোচকে দেখতে এসে আবেগ ধরে রাখতে পারেননি জাতীয় দলের ক্রিকেটার শরিফুল ইসলাম ও মুশফিকুর রহিম। জানাজাস্থলে তাদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। শোকাবহ পরিবেশে নীরবে দাঁড়িয়ে ছিলেন তালহা জুবায়ের, হান্নান সরকার, খালেদ মাহমুদ সুজন ও রাজিন সালেহসহ অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রয়াত কোচের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

উল্লেখ্য, মাহবুব আলী জাকি ছিলেন ২০২০ সালে বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলের সদস্য। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে তাকে পুনর্গঠনের কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মেন্টর হিসেবেও কাজ করেছেন এই দেশবরেণ্য কোচ।

আরো..