https://www.a1news24.com
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৬

সালুটিকরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ

সালুটিকর বহর গ্রামের বিকাশ দেবের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সম্পাদক কৃপেশ পাল, মহানগর ঐক্য পরিষদের সম্পাদক প্রদীপ কুমার দেব, সাংগঠনিক সম্পাদক হিরক দেব, গোয়াইনঘাট উপজেলা ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নির্মল দে, সাংগঠনিক সম্পাদক রণজিৎ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তারা জানান, বাড়ির বড় ছেলে শিক্ষক বিকাশ বাবুর কাছ থেকে পাওয়া তথ্যমতে এটি একটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড, এর সঙ্গে কোনো ধরনের নাশকতার সংশ্লিষ্টতা নেই। ঘটনাস্থল পরিদর্শন করেন সংশ্লিষ্ট এএসপি (সার্কেল) মহোদয়ও।

নেতৃবৃন্দ বলেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর থেকে জাতি, ধর্ম, বর্ণ ও দল-মত নির্বিশেষে যেভাবে সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই মানবিক সহমর্মতা আমাদের সমাজের ঐক্য ও সৌহার্দ্যের শক্ত ভিত্তিকে আরও দৃঢ় করেছে।

এ সময় তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে যেন কেউ বা কোনো গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা না চালায়। প্রকৃত সত্যের বাইরে গিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।পরিশেষে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা যেন দ্রুত পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, এই কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি

আরো..