নিজস্ব প্রতিবেদক: দেশের ৬৪ জেলার নেতাকর্মীদের কাছে জুলাই পদযাত্রার তথ্য ও ছবি চেয়ে নতুন বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৪ আগস্ট) এনসিপির প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির প্রচার ও প্রকাশনা সেল শিগগিরই জুলাই পদযাত্রা নিয়ে একটি প্রকাশনা বের করতে যাচ্ছে। সেখানে প্রতিটি জেলার পদযাত্রার স্থিরচিত্র, পদযাত্রার অভিজ্ঞতা, পদযাত্রাকে ঘিরে স্থানীয় নাগরিকদের প্রত্যাশা ও অভিব্যক্তি, নির্দিষ্ট জেলার নাগরিক সমস্যাসমূহ এবং জেলাভিত্তিক এনসিপির দায়বদ্ধতা তুলে ধরা হবে। তাই দেশের সব জেলার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
এতে আরও বলা হয়, প্রতিটি জেলার নেতাকর্মীদের জন্য একটি গুগল ডক সরবরাহ করা হয়েছে, সেখানে জেলার পদযাত্রা সম্পর্কিত তথ্য আপলোড করার অনুরোধ জানানো হয়েছে।