স্পোর্টস ডেস্ক: গতবছর দেশের ক্রীড়াঙ্গনে খুশির জোয়ার এনে দিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ী দলকে বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে সাবিনা খাতুনরা এখনো সেই বোনাসের অর্থ বুঝে পায়নি। তবে বাফুফে বলছে, বোনাস দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, খুব শিগগিরই মেয়েরা সেটা পাবে।
রোববার (৬ এপ্রিল) বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে বলেন, ‘গত বছর নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী দলকে ১ কোটি ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল বাফুফে। সেটা এখনও পরিশোধ করা হয়নি, তবে খুব দ্রুতই পরিশোধ করা হবে।’
গত ৫ এপ্রিল বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নারী দলের ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন। সেখানেই মেয়েরা এই বিষয়ে বাফুফে সভাপতির কাছে জানতে চেয়েছিল। ফাহাদ করিম বলেন, ‘হ্যাঁ, মেয়েরা সভাপতিকে বোনাসের বিষয়ে জিজ্ঞাসা করেছিল। তিনি আশ্বস্ত করেছেন, তারা খুব শিগগিরই বোনাস পাবে। এটি প্রক্রিয়াধীন, আমরা এটা পরিষ্কার করে দিচ্ছি।’
উল্লেখ্য, গতবছরের ৩০ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০২৪ সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে এটি ছিল বাংলাদেশের টানা দ্বিতীয় শিরোপা। এর আগে ২০২২ সালের আসরেও শিরোপা জিতেছিল লাল-সবুজের জার্সিধারীরা।