নিজস্ব প্রতিনিধিঃদেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)’র কেন্দ্রীয় উপদেষ্টা মনোনীত হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম।
বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব ও সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক লায়ন মোঃ শহীদুর রহমান স্বাক্ষরিত একটি উপদেষ্টা সনদে আশিক ইসলাম-কে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।
এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস. আলম রাজীব বলেন, আগামী ২৫শে জুলাই আমাদের সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১০ সালে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত এই সংগঠনের সাথে জনাব আশিক ইসলাম প্রায় ১০ বছর যাবত অনানুষ্ঠানিকভাবে সম্পৃক্ত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে আমাদের সাইবার সংগঠনটিকে প্রত্যক্ষভাবে নিয়মিত দিকনির্দেশনা প্রদান করতেন স্বপ্রচার বিমুখ প্রতিভাবান এই ব্যক্তি।
তিনি আরো বলেন, প্রায় দেড় যুগ পর খুব শীঘ্রই ইনশাআল্লাহ তিনি বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন। আশিক ইসলামের মতো একজন নিবেদিত, মেধাবী, জাতীয়তাবাদী আদর্শের ব্যক্তিত্বকে সাংগঠনিকভাবে আমাদের সংগঠনের একজন অভিভাবক হিসেবে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত। তিনি জাতীয়তাবাদী সকল সাইবার যোদ্ধাদের জন্য অনুপ্রেরণা। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে আমাদের সংগঠনে তার এই প্রত্যক্ষ সম্পৃক্ততা ও অব্যাহত দিকনির্দেশনা সংগঠনের চলমান অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে কাজ করবে।
উল্লেখ্য যে, বিএনপি নেতৃত্বাধীন বিগত চারদলীয় ঐক্যজোট সরকারের শাসনামলে বিএনপি’র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন আশিক ইসলাম। ২০০১ সালের নির্বাচনে জেলাগুলোর নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেন। পেশায় একজন সাংবাদিক হয়েও বিগত দিনে তিনি পতিত স্বৈরাচার সরকারের দুঃশাসন বিরোধী আন্দোলনে রেখেছেন অগ্রণী ভূমিকা। সুদূর প্রবাসে থেকেও সাইবার মাধ্যম ব্যবহার করে বিভিন্ন ডক্যুমেন্টারি ও লেখনীর মাধ্যমে আওয়াজ তুলেছেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে।