টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকআপ মোটর-সাইকেলের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। হতাহতরা স্থানীয় শিলাপাড়া বাজারের ব্যবসায়ী। সোমবার (১৪ জুলাই) দুপুর ১২ টায় মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার বদনীভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালক হারুনুর রশিদ (৪০) উপজেলা শিমলাপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে। আহত টেইলার্স ব্যবসায়ী জাকির হোসেন (৪৫) একই গ্রামের বারেকের ছেলে। তারা দু’জনেই শিমলাপাড়া বাজারের ব্যবসায়ী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হতাহতরা মোটরসাইকেলযোগে পাশের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার বদনীভাঙ্গা মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল সিটকে পড়ে চালক হারুন ও জাকির গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনুর রশিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাকির হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ নিয়ে চালক পালিয়ে যায়। হতাহতদের আবদেনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।