দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে ‘এ এস আই স্কুল অব লাইফ ২০২৫’
ঢাকা, ৩ আগস্ট,২০২৫ঃ স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞান ও গবেষণার প্রতি গভীর আগ্রহ ও অনুসন্ধানী মানসিকতা তৈরি করতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী বিজ্ঞান ক্যাম্প ‘এ এস আই স্কুল অব লাইফ ২০২৫’। জীবনের জটিল রহস্য উন্মোচনে তরুণদের প্রস্তুত করতে ও বিজ্ঞানের প্রতি তাদের জ্ঞানপিপাসা জাগিয়ে তুলতেই এই আয়োজন। দুই ধাপে সাজানো এই ক্যাম্পে ছিল অনলাইন ভিত্তিক তাত্ত্বিক শিক্ষা এবং অফলাইন পর্বে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে হাতে-কলমে শেখার সুযোগ, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণাভিত্তিক ক্যারিয়ারের জন্য একটি শক্ত ভিত গড়ে তুলবে।
প্রথম ধাপের অনলাইন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গুগল ক্লাসরুম ও জুম প্ল্যাটফর্মে অংশ নিয়েছে দেশের স্বনামধন্য বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে। অনলাইন ক্যাম্পের উদ্বোধন করেছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির প্যাথলজি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. সৌমিত্র চক্রবর্তী। এছাড়া আরো ছিলেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও)-এর চীফ রোবটিক্স কোচ মিশাল ইসলাম, ক্যানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে ড. সাবরিনা শামিন আলম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মাহবুব হাসান ও অধ্যাপক ড. আদনান মান্নান।
অনলাইন ক্যাম্প শেষে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে দ্বিতীয় ধাপের অফলাইন ক্যাম্প, যা অনুষ্ঠিত হয়েছে ৩০জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত। অফলাইন ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের ধানমণ্ডি কার্যালয়ে। এখানে তত্ত্বীয় পাঠের পাশাপাশি ল্যাবে সরাসরি কাজ করার সুযোগ দেয়া হয়েছে। এই অফলাইন ক্যাম্পে কক্সবাজার, নীলফামারী, বগুড়া, রাজশাহী, সাতক্ষীরা, লক্ষীপুর, চুয়াডাঙ্গাসহ সারাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা একত্রিত হয়েছে ল্যাবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা নিতে, লাইফ সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে কাজ করছে তা অনুসন্ধান করতে এবং জীবনকে জীববিজ্ঞানের বিভিন্ন ধারণা থেকে নতুন করে উপলব্ধি করতে।
চারদিনব্যাপী এই অফলাইন ক্যাম্পের প্রথমদিন শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সভাপতি জনাব মুনীর হাসান এবং গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস এর সভাপতি ড. জেবা ইসলাম সিরাজ। এরপর সারাদিনব্যাপী ছিল ভিন্ন ভিন্ন কার্যক্রম। অংশগ্রহণকারীদের শিখানো হয় ল্যাবের মৌলিক বিষয়াদি এবং পরিমাপ বিষয়ক ধারণা।
দ্বিতীয়দিন সকল অংশগ্রহণকারীরা ভ্রমণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ, অণুজীববিজ্ঞান বিভাগ, জিনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ ঘুরে দেখেছে। তাদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান ড. মিহির লাল সাহ। সেখানে তারা দেখেছে বিভাগের গবেষনাগার ও বিভিন্ন আধুনিক যন্ত্রের ব্যবহার।
তৃতীয় দিনের শুরুতেই ছিল প্রাচীন জিনতত্ত্ব বিষয়ক আলোচনা যেখানে হাজার বছর আগের জীবদেহ থেকে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে জীবের বিবর্তন, অভিবাসন ও জিনগত বৈচিত্র্য সম্পর্কে জানার চেষ্টা করে। এছাড়া স্প্যানিশ নাগরিক জুলিয়া ফুয়েন্তেস সারাদিনের আয়োজনে উপস্থিত ছিলেন এবং “দুর্যোগে জনস্বাস্থ্য” বিষয়ক একটি সেশন পরিচালনা করেন। এছাড়া Terrarium (কাঁচের বদ্ধ পাত্রে ক্ষুদ্র বাস্তুতন্ত) বানানোসহ আরো নানাবিধ কার্যক্রম ছিল।
শেষদিনে আলোচনা করা হয় বীজ অঙ্কুরোদগম নিয়ে যেখানে হাতে কলমে বিশেষ পরীক্ষণের মাধ্যমে শেখানো হয় বীজ থেকে নতুন গাছের চারা জন্ম নেওয়ার প্রক্রিয়া। উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অপর্ণা ইসলাম। আরো ছিল লাইফ প্যাটার্ন ও ফ্র্যাক্টাল নকশা বিকেলে অংশগ্রহণকারীদের নিয়ে যাওয়া হয় ঢাকা রমনা পার্কে এবং সেখানে একটি রেস্তোরায় আনুষ্ঠানিক ভোজনের মাধ্যমে এই অফলাইন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান করা হয়।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়োটেকনোলজিস্টস (জিএনওবিবি) এবং মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব)-এর মিলিত উদ্যোগে আয়োজন করা হচ্ছে এ এস আই স্কুল অব লাইফ-২০২৫। অফলাইন ক্যাম্পের শেষে বাছাইকৃত শিক্ষার্থীদের দেশের খ্যাতনামা গবেষণাগারগুলোতে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে, যা তাদের জীববিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রস্তুতিতে সহায়ক হবে।
বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুনঃ https://shorturl.at/XYHNT