অনলাইন রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরেরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
মাহফুজ আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোন দাবি মানতে সরকার দায়বদ্ধ।’মাহফুজ আলম জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে শোকের মধ্যে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি উঠেছিল সোমবার থেকে। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলেও এইচএসসি স্থগিত হবে কি না গভীর রাত পর্যন্ত সেব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। শিক্ষা সচিবের বাধার কারণেই পরীক্ষা স্থগিত করা যায়নি বলে খবর বেরোয়। এরপরই শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। অবশ্য সোমবার দিনগত রাত ১২টার পর ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের বিষয়টি জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। পরে ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত ঘোষণা করেন তিনি।
এদিকে মঙ্গলবার সকাল থেকে শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সরব হতে থাকেন শিক্ষার্থীরা। রাজধানীর সেগুনবাগিচায় প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এরই মধ্যে তার প্রত্যাহারের খবর এলো।