রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চান্দামারী গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে নাসরিন বেগম নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী নাসরিন বেগম (২৫) ঐ গ্রামের বয়লার মুরগী বিক্রেতা নুর আলমের স্ত্রী। আত্মহত্যার বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০টার নাসরিনকে প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেলে তার শয়ন ঘরে খুঁজতে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁস থেকে নাসরিনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এলাকাবাসীর ধারণা সোমবার স্বামী-স্ত্রী সেহরি খাওয়ার পর নাসরিন শয়ন ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে নাসরিন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে তার স্বামী নুর আলম পলাতক রয়েছেন। লাশের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।