https://www.a1news24.com
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪০

জীবনের শেষদিন পর্যন্ত আমি আর মন্ত্রিত্ব গ্রহণ করব না: গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায় ঘোষণা দিয়েছেন, তিনি আর কখনও মন্ত্রিপরিষদে যোগ দেবেন না। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘মন্ত্রী হব না জেনেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম। জীবনের শেষদিন পর্যন্ত আমি আর মন্ত্রিত্ব গ্রহণ করব না।’

সম্প্রতি শপথ অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও প্রসঙ্গে তিনি দাবি করেন, একজন কর্মকর্তা তাকে না চিনে আসন ছেড়ে যেতে বলেন এবং এসএসএফ ডাকার হুমকি দেন। এ পরিস্থিতিতে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। গণমাধ্যমে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমি একজন সংসদ সদস্য ও জনগণের প্রতিনিধি। মন্ত্রী হওয়ার চেয়ে সংসদে জনগণের কথা তুলে ধরা এবং নিয়মের শাসন প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।’ দীর্ঘ ১৭ বছরের সমস্যার জট এক দিনে সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি পর্যায়ক্রমে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় কেরানীগঞ্জের মাদক, যানজট, গ্যাস-বিদ্যুৎ সংকট ও দখল বাণিজ্যসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিপুণ রায় চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া এবং কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

আরো..