https://www.a1news24.com
২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৬

ভারতের গোড়া উগ্র হিন্দুত্ববাদের শিকার মোস্তাফিজ, শান্তিকামী হিন্দুদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের গোড়া উগ্র হিন্দুত্ববাদের শিকার হয়েছেন মোস্তাফিজ। এ ঘটনায় ভারতেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কয়েক বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করছেন মুস্তাফিজুর রহমান। তবে বাঁ–হাতি এই কাটার মাস্টারের আসন্ন আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল আগেই। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন, যার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে কলকাতার স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড ‘খেলতে দেয়া হবে না বা পিচ খুঁড়ে ফেলা হবে’— হিন্দুত্ববাদীদের এমন হুমকির কাছে মাথানত করেছে। তাদের নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন করেছে ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স-কেকেআর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়তে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তারা যদি বিকল্প খেলোয়াড় নিতে চায়, বোর্ড সেই অনুমতিও দেবে।”

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ ঘিরে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েনের মধ্যেই এ সিদ্ধান্ত এসেছে। গত কয়েকদিন ধরে এ ইস্যুতে কেকেআর ও তাদের মালিক শাহরুখ খানকে লক্ষ্য করে সমালোচনাও হয়েছে। এমনকি উত্তর প্রদেশের বিজেপি দলীয় সাবেক বিধানসভা সদস্য সঙ্গীত সোম তাকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলেও আখ্যায়িত করেন।

২০১৩ সালে মুজফফরনগর দাঙ্গায় জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে উত্তর প্রদেশের সারধানা বিধানসভা আসন থেকে ২০১২ ও ২০১৭ সালের ভোটে বিধায়ক হওয়া বিজেপি নেতা সংগীত সোমের বিরুদ্ধে। এই দাঙ্গাবাদী নেতা এএনআইকে বলেন, “১০০ কোটি সনাতনী ভারতীয়দের প্রতি লক্ষ্য রেখে বিসিসিআইয়ের এ সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। আমরা গতকাল বলেছিলাম, এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে, কারণ ১০০ কোটি মানুষের আবেগ-অনুভূতিকে হেলাফেলা করা যায় না। এটি গোটা দেশের হিন্দুদের জয়।’

উত্তর প্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র কাশ্যপ বলেন, “আমরা বিসিসিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাই, কারণ তারা দেশের আবেগ-অনুভূতি বুঝেছেন এবং বাংলাদেশি খেলোয়াড়কে সরিয়ে দিয়েছেন, যেহেতু বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে—এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি এবং সরকার প্রতিবাদ জানাচ্ছেন।’

মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবিতে সরব ছিলেন আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও। তিনি বিসিসিআইয়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বলিউড তারকা শাহরুখ খানের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এএনআই দেবকীনন্দনের বক্তব্য উদ্ধৃত করেছে এভাবে, “এই সিদ্ধান্তের জন্য বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে এবং সেই দেশের একজন খেলোয়াড় যদি আইপিএলে খেলেন, তা গ্রহণযোগ্য নয়। মিস্টার কেকেআর (শাহরুখ খান) এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। এটি বেদনাদায়ক যে, মিস্টার কেকেআর হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন না।”

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতের হিন্দুত্ববাদী ক্ষমতাসীন দল বিজেপির নেতা ও ধর্মীয় গুরুরা বিসিসিআইকে ধন্যবাদ জানালেও সমালোচনা করেছেন দেশটির শান্তিকামী ও ক্রীড়াপ্রেমিকরা। ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য মদনলাল এ পুরো ঘটনাকে ‘ওপর মহলের’ চাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র সঙ্গে কথা বলতে গিয়ে মদনলাল ক্ষোভ উগরে দিয়ে বলেন, “খেলাধুলার ভেতরে রাজনীতির এ অনধিকার প্রবেশ মোটেও ভালো লক্ষণ নয়। তার মতে, পরিস্থিতির চাপে বিসিসিআই অনেকটা একতরফাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।”

মদন লাল বলেছেন, “বিসিসিআই এ সিদ্ধান্ত নিয়েছে কারণ, তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো নেই। এমনকি শাহরুখ খানেরও না; কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকছে? আমি জানি না ক্রিকেট কোন দিকে যাচ্ছে।”

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়া সমালোচনা করেছেন। ভারতীয় এ রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক কূটনীতিক এই প্রশ্নও তুলেছেন, “আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি-একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে।”

আইপিএলে মোস্তাফিজের অভিজ্ঞতা নতুন নয়। ২০১৬ সালে টুর্নামেন্টে অভিষেকের পর সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। এখন পর্যন্ত ৬০ ম্যাচে তার উইকেট সংখ্যা ৬৫। গত বছরের শেষ দিকে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কেকেআর, যেখানে দলটি নতুন করে সাজাতে আকাশ দীপ, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকেও যুক্ত করেছিল।

আইপিএল ২০২৬ মৌসুমের আগে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন মোস্তাফিজ। বর্তমানে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন।

আরো..