https://www.a1news24.com
২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৩

মুস্তাফিজ বিতর্কে এবার বিসিসিআই-এর পাশে আজহার উ‌দ্দিন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ভারত ও বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। যেখানে ভারতের অনেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করছেন, সেখানে উল্টো অবস্থান নিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি এ সিদ্ধান্তের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর প্রশংসা করেছেন।

সম্প্রতি ভারতের কয়েকজন উগ্রপন্থী রাজনৈতিক নেতা আইপিএলে মুস্তাফিজের অন্তর্ভুক্তি নিয়ে প্রকাশ্যে আপত্তি জানান। তাদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগের প্রেক্ষাপটে কোনো বাংলাদেশি ক্রিকেটারের আইপিএলে অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়।

এই পরিস্থিতিতে মোহাম্মদ আজহারউদ্দিন বাংলাদেশে চলমান ঘটনাবলির নিন্দা জানিয়ে বিসিসিআইয়ের অবস্থানকে সমর্থন করেন। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, বোর্ড কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশে যা ঘটছে, তা মোটেও ইতিবাচক নয়। খেলাধুলা আলাদা বিষয় হলেও বিসিসিআই নিশ্চয়ই পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তটি নিয়েছে।

এদিকে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পাশাপাশি ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে আয়োজনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠানো হয়েছে।

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে কূটনৈতিক ও ক্রীড়াজটিলতা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরো..