বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা নিয়মিত নামাজ ও কুরআন পড়েন—এমনটাই এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার স্বামী অভিনেতা অনন্ত জলিল। শোবিজ ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। এবার জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর লেখা একটি বই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করে তাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বর্ষা।
গত শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ড. মিজানুর রহমান আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটির কয়েকটি ছবি পোস্ট করেন বর্ষা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে হচ্ছিল যে, ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার। ৩টি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার বোনদের জন্য ২টি।’
তিনি আরও লেখেন, ‘জীবনে তেমন কিছুই জানি না, তবে এই ‘এক নজরে কুরআন’ পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাতে চাই আপনাকে ড. মিজানুর রহমান আজহারী, এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করুন, আমিন।’
বর্তমানে কোনো সিনেমায় কাজ করছেন না বর্ষা। তবে বিভিন্ন ফটোসেশন ও ইভেন্টে তাকে দেখা যাচ্ছে। এর পাশাপাশি পরিবারকে সময় দিচ্ছেন এবং নিজের পছন্দ অনুযায়ী ধর্মীয় বই পড়ছেন বলে জানা গেছে।
আফিয়া নুসরাত বর্ষা ক্যারিয়ার শুরু করেন মডেল হিসেবে। ২০১০ সালে ইফতেখার চৌধুরীর ‘খোঁজ-দি সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে অনন্ত জলিলের সঙ্গে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’-সহ একাধিক বড় বাজেটের চলচ্চিত্রে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেন তিনি। পাশাপাশি তিনি মুনসুন ফিল্মের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও রয়েছেন।
২০১১ সালের ২৩ সেপ্টেম্বর অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বর্ষা। তাদের সংসারে রয়েছে দুই পুত্র সন্তান।