https://www.a1news24.com
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৮

মালয়েশিয়ায় ১২৯ মিলিয়ন ডলারের তেলসহ দুইটি ট্যাংকার জব্দ, আটক ৫৩ ক্রু সদস্য

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার পেনাং উপকূল থেকে প্রায় ৫১২ মিলিয়ন রিঙ্গিত (১২৯.৯ মিলিয়ন ডলার) মূল্যের অপরিশোধিত তেলসহ দুইটি বিশাল ট্যাংকার জব্দ করেছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)। গত সপ্তাহে পেনাংয়ের মুকা হেড থেকে ২৪ নটিক্যাল মাইল পশ্চিমে অবৈধভাবে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের সময় এগুলো আটক করা হয়।

মেরিটাইম ক্যাপ্টেন মুহাম্মদ সুফি মোহাম্মদ রামলি জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি টহলদল অভিযান চালায়। দেখা যায়, জাহাজ দুইটি জোড়া লাগানো অবস্থায় সমুদ্রে নোঙর করে তেল স্থানান্তর করছে।

জব্দকৃত জাহাজ দুটির মোট বাজারমূল্য প্রায় ৭১৮ মিলিয়ন রিঙ্গিত।ট্যাংকার দুইটিতে চীন, বার্মা, ইরান, পাকিস্তান ও ভারতের মোট ৫৩ জন ক্রু সদস্য ছিলেন। জাহাজ দুইটির ক্যাপ্টেনকে গ্রেপ্তার করে তদন্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া নোঙর করার অপরাধে ১ লাখ রিঙ্গিত জরিমানা হতে পারে।

অবৈধভাবে তেল স্থানান্তরের দায়ে প্রতিটি জাহাজকে ২ লাখ রিঙ্গিত করে জরিমানা করা হতে পারে।মালয়েশিয়ার জলসীমা প্রায়ই সমুদ্রে তেলের আসল উৎস গোপন করার জন্য অবৈধভাবে তেল হস্তান্তরের কাজে ব্যবহৃত হয়। গত বছরের জুলাইয়ে দেশটির সরকার এ বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল। এই অভিযানকে সেই কঠোর অবস্থানেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : রয়টার্স

আরো..