নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে ঢাকায় এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. চোং সি জ্যাক।
তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বিমানবন্দরে তাকে গ্রহণ করেন। মন্ত্রণালয় জানিয়েছে, মাইলস্টোন দুর্ঘটনার পর দ্রুত আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে থাকা সমঝোতা স্মারকের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডা. চোং সি জ্যাক মূলত চিকিৎসক দলের প্রধান হিসেবে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেবেন।
জানা গেছে, বুধবার (২৩ জুলাই) আরও তিনজন বিশিষ্ট চিকিৎসা প্রতিনিধি ঢাকা সফরে আসছেন। তারা হলেন—সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান এবং লিম ইউ হান জোভান। তাদের আগমনের পর আন্তর্জাতিক সহযোগিতায় গঠিত চিকিৎসক দলটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে কেস রিপোর্ট বিনিময় এবং যোগাযোগের পর চিকিৎসক ও নার্সদের একটি দল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। আশা করা হচ্ছে, বুধবার থেকেই তারা বার্ন ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট হাসপাতালে আহতদের চিকিৎসায় অংশ নেবেন।
এই আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা দুর্ঘটনায় দগ্ধ ও গুরুতর আহতদের বাঁচিয়ে রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা ও প্রশাসন। মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতায় জাতি যখন শোকে স্তব্ধ, তখন এই সহযোগিতা কিছুটা হলেও স্বস্তি জোগাবে বলে মনে করছেন অনেকে।