https://www.a1news24.com
২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৪

ভারতের বোর্ডের সঙ্গে কেন যোগাযোগ করছেন না, জানালেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক: মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপটে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ম্যাচের ভেন্যু অন্য কোথাও সরিয়ে নিতে আইসিসির কাছে ই-মেইলও করেছে বিসিবি। তবে আইসিসি থেকে এখনো কোনো জবাব আসেনি। বিসিবি আশাবাদী, শিগগির আলোচনায় বসবে আইসিসি।

আইসিসি যদি বিসিবির সঙ্গে আলোচনায় বসেই, তাহলে ভারতে বিশ্বকাপ না খেলতে চাওয়া ইস্যুতে বিসিবির অবস্থান কী হবে? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জানিয়েছেন, আইসিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বিসিবির পরবর্তী পদক্ষেপ কী হবে। আর বিশ্বকাপ আইসিসির আয়োজন বলে ভারতের বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে না বিসিবি, এমনটাই জানিয়েছেন আমিনুল ইসলাম।

গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল ইসলাম বলেছেন, ‘আপনারা জানেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ক্রিকেট বোর্ডের সব পরিচালকের সঙ্গে দুটি বৈঠক করেছি। এই মুহূর্তে আমরা বিশ্বকাপ খেলতে দলকে ভারতে পাঠাতে নিজেদের নিরাপদ মনে করছি না।’

তিনি আরও বলেন, ‘এজন্য আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং সেটায় উল্লেখ করেছি, আমরা কী করতে চাচ্ছি। কারণ আমাদের কাছে মনে হয়েছে, নিরাপত্তা একটা বড় কনসার্ন।’

বিসিবি আশা করছে, আইসিসি শিগগির তাঁদের সঙ্গে বৈঠক করবে। তবে আইসিসির সিদ্ধান্ত দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘তারা আমাদেরকে মিটিং করার জন্য বলবে খুব তাড়াতাড়ি। সেখানে আমাদের কথাগুলো তুলে ধরব। তবে যে ই-মেইলটা আমরা পাঠিয়েছি, এটির জবাবের ওপর নির্ভর করবে, আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব।’

আমিনুল ইসলাম যোগ করেন, ‘আইসিসি থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসবে, তা আমরা এখনো জানি না। তবে আমরা যে শর্তগুলো দিয়েছি, সেগুলো এমপিওর (ম্যাচ প্লেয়িং অপারেশনস) মধ্যেই রয়েছে। এটি যেহেতু আইসিসির আয়োজন, তাই আমরা বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করছি না; আমরা যোগাযোগ করছি আইসিসির সঙ্গেই।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘মোস্তাফিজ আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। ক্রিকেটাররা যখন খেলতে যায়, তখন মানসম্মান নিয়ে ক্রিকেট খেলে। কাজেই ক্রিকেট বোর্ডের কর্মকর্তা যারা আছে, আমিসহ, আমরা এটাকে ভালোভাবে নেই না, যখন কোনো ক্রিকেটারকে কোনোভাবে অসম্মান করা হয়। এজন্য আমরা সবাই মর্মাহত।’

মোস্তাফিজ ইস্যুতে চলমান ঘটনায় আরেকটি বিষয় নিয়েও সংশয় তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বরে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। কিন্তু সাম্প্রতিক নানা ঘটনায় ভারত হয়তো সেই সিরিজে খেলতে আগ্রহী নাও হতে পারে ধারণা করা হচ্ছে। তবে এ আপাতত বিশ্বকাপ আর নিরাপত্তার বিষয়টিই ভাবছেন বিসিবি সভাপতি, ‘দেখুন, দুই দেশের মধ্যে ক্রিকেট—হোক সেটা দ্বিপক্ষীয় সিরিজ কিংবা বিশ্বকাপে খেলা—একটি বিষয়, আর নিরাপত্তা উদ্বেগ আরেকটি বিষয়। এই মুহূর্তে আমরা বিশ্বকাপের বিষয়টি নিয়েই ভাবছি, বিশেষ করে নিরাপত্তার দিকটি।’

এদিকে মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে গতকাল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিসিবি সভাপতি জানিয়েছেন, এটা সরকারি সিদ্ধান্ত হওয়ায় এ বিষয়ে তাঁর কিছু বলার নেই। এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেছেন, ‘এটা তো ভারতের ঘরোয়া ক্রিকেট। ঘরোয়া ক্রিকেট দেখাবে বা না দেখাবে, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, আমাদের এখানে কিছু বলার নেই। তবে এটা ঠিক, সরকার যে সিদ্ধান্ত নেয়, আমরা তা সমর্থন করি।’

আরো..