https://www.a1news24.com
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৯

ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলা ও লাঞ্ছিত, বাংলাদেশ লেবার পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি নিয়ে নিজ নির্বাচনী এলাকায় চিহ্নিত রাজনৈতিক দুর্বৃত্ত কর্তৃক এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার ঘটনায় গভীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

আজ (সোমবার) লেবার পার্টির প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান সাক্ষরিত এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এই হামলাকে নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ বলে অভিহিত করে অবিলম্বে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

লেবার পার্টির নেতৃবৃদ্বয় বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে আসাদুজ্জামান ফুয়াদের ভূমিকা অপরিসীম। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁর বিদ্রোহী ভূমিকা ফ্যাসিবাদের ওপর আতঙ্ক সৃষ্টি করেছিল। বিশেষ করে, জুলাই গণঅভ্যুত্থানের পরেও সংস্কার, বিচার ও নির্বাচনের ক্ষেত্রে তাঁর ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা ঈর্ষণীয়। এমন একজন জাতীয় নেতাকে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃদ্বয় আরও বলেন, এই কাপুরুষোচিত হামলা আগামী জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে। নির্বাচনের সময়ে রাজনৈতিক সমালোচনা হলো গণতান্ত্রিক সৌন্দর্য। সেই সমালোচনাকে কেন্দ্র করে যদি জাতীয় নেতাদের ওপর হামলা চালানো হয়, তাহলে আসন্ন নির্বাচন উৎসবমুখর হওয়ার আশা ধূলিসাৎ হয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের নোংরা ও সহিংস রাজনৈতিক সংস্কৃতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

লেবার পার্টির নেতৃদ্বয় অবিলম্বে আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একইসঙ্গে সকল রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

আরো..