স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গতকাল বুধবার মন্ত্রিসভায় যা বলেছেন, সেটাই উদ্ধৃত করে এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান।
আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’
আসিফ নজরুল আরও লিখেছেন, ‘বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই পাকিস্তানের ওই অবস্থান।
নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ সরকার দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানালে আইসিসি বোর্ড ভোটের মাধ্যমে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেয় পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রসঙ্গত, ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিশ্বকাপের জন্য ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। গত ৪ জানুয়ারি আইসিসিকে অনুরোধ করা হয় ভেন্যু বদলে শ্রীলংকায় ম্যাচ রাখার জন্য। তবে মোস্তাফিজের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ উল্লেখ করে আইসিসি বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে।