জাহিনুর ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে পিক-আপের ধাক্কায় হাসান আলী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাঈম হোসেন নামের একজন যুবক আহত হয়েছেন। (রোববার, ২০ এপ্রিল) বেলা ১১টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের দোয়েল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান হোসেন পৌরশহরের থানাপাড়া এলাকার মিলন হোসেনের ছেলে। আহত নাঈম একই এলাকার নিয়ামত হক ভোলার ছেলে। নিহত হাসান এবার আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার বেলা এগারোটার দিকে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধ শহরে ঘুরতে বের হয়। এসময় গোবিন্দগঞ্জ থেকে একটি মালবাহী পিকআপ দোয়েল মোড় এলাকায় আসলে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে হাসান আলী ছিটকে রাস্তায় পড়ে পিক-আপের নীচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান নামের এক যুবক হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আহত যুবকের মাথায়, বুকে ও কোমরে গুরুত্বর আঘাতেই মৃত্যু হয়েছে।