https://www.a1news24.com
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১২

বিবাহবিচ্ছেদের দিনই ট্রাম্প আমাকে ফোনে ডেটের প্রস্তাব দিয়েছিলেন: অভিনেত্রী এমা

বিনোদন ডেস্ক: লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে ব্রিটিশ অভিনেত্রী এমা থম্পসন তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং এক চমকপ্রদ ঘটনার কথা শেয়ার করেন। আর এর পরেই আলোচনা শুরু হয়। হ্যারি পটার খ্যাত এই অভিনেত্রী জানান, তার বিবাহবিচ্ছেদের দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করে ডেটের প্রস্তাব দিয়েছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় থম্পসন বলেন, ১৯৯৮ সালে রাজনৈতিক ব্যঙ্গচিত্রভিত্তিক চলচ্চিত্র প্রাইমারি কালারস–এর শুটিং চলাকালে তার ট্রেলারের ভ্যান থেকে একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে শোনা যায়, “হ্যালো, আমি ডোনাল্ড ট্রাম্প বলছি।” প্রথমে তিনি ভেবেছিলেন এটি কোনো মজা বা প্র্যাঙ্ক কল। কিন্তু ট্রাম্প সরাসরি বলেন, “আমার এখানে কোনো একটি সুন্দর জায়গায় এসে থাকুন, হয়তো আমরা একসাথে ডিনার করতে পারি।” থম্পসন ভদ্রভাবে উত্তর দেন, খুবই সুন্দর বলেছেন। ধন্যবাদ, আমি ভেবে দেখব।

পরে তিনি বুঝতে পারেন, আসলেই ট্রাম্পই ফোন করেছিলেন যিনি তখন মারলা মেপলসের সঙ্গে বিচ্ছেদের পর একা ছিলেন। থম্পসনের মতে, ট্রাম্প সম্ভবত উপযুক্ত সঙ্গিনী খুঁজছিলেন, আর এজন্যই হয়তো তার ট্রেলারের নম্বর পর্যন্ত বের করে ফেলেছিলেন। মজা করে তিনি বলেন, “আমি যদি হ্যাঁ বলতাম, হয়তো আমেরিকার ইতিহাসই অন্যরকম হতো!”

আলোচনার এক পর্যায়ে থম্পসন মনে করিয়ে দেন, প্রাইমারি কালারস সিনেমার শুটিং চলাকালে মার্কিন রাজনীতিতে বড় ধরনের সাড়া জাগানো মনিকা লিউইনস্কি কেলেঙ্কারি প্রকাশ পায়, যা প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অভিশংসনের পথ তৈরি করেছিল। তার কাছে তখন সিনেমার কাহিনি ও বাস্তব রাজনীতির ঘটনাপ্রবাহ ছিল অবিশ্বাস্যভাবে মিলযুক্ত।

এমা থম্পসন ও তার প্রাক্তন স্বামী কেনেথ ব্রানাহ ১৯৮৭ সালে ফরচুনস অব ওয়ার–এর শুটিংয়ে প্রেমে পড়েন এবং ১৯৮৯ সালে বিয়ে করেন। ১৯৯৫ সালে ব্রানাহর হেলেনা বোনহ্যাম কার্টারের সঙ্গে সম্পর্কের কারণে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৩ সালে থম্পসন অভিনেতা গ্রেগ ওয়াইজকে বিয়ে করেন।

আরো..