নিজস্ব প্রতিবেদক: সারাদেশের সব আদালতে বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় নিরাপত্তা বাহিনী নিযুক্ত করাসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। দাবি পূরণে ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন বিচারকেরা। তা না হলে আগামী রোববার থেকে তারা একযোগে কলমবিরতি পালন করবেন বলে জানিয়েছেন।
শুক্রবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
বিচারকদের দ্বিতীয় দাবি হলো, রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত এবং গ্রেপ্তার করা আসামিকে আইনবহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করে অপেশাদারিত্ব প্রদর্শনে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচারকদের কর্মের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি পূরণ না হলে রোববার থেকে সারা দেশে একযোগে কলমবিরতি পালন করবেন বলে জানিয়েছেন বিচারকেরা।
রাজশাহীতে বৃহস্পতিবার জেলা জজ মোহাম্মদ আবদুর রহমানের বাসভবনে ছুরিকাঘাতে তার ১৭ বছরের ছেলে তাওসিফ রহমানকে হত্যা করা হয়। আহত হন স্ত্রী তাসমিন নাহার। এ ঘটনায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও ক্ষোভ জানিয়েছে।