ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল ২৫২ মেট্রিক টন এস্টারিক্স আলু। এ নিয়ে এ বন্দর দিয়ে জানুয়ারি থেকে চলতি মার্চ মাসের বৃহস্পতিবার (২৭ মার্চ) পর্যন্ত কয়েক পর্যায়ে বাংলাদেশ থেকে ২ হাজার ৩৩১ মেট্রিক টন আলু রফতানি করা হয়েছে নেপালে।
সবশেষ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ১২টি ট্রাকে আলুগুলো নেপালে পাঠানো হয় বলে জানিয়েছেন বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।
তিনি জানান, থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, হোসেন এন্টার প্রাইজ ও প্রসেস এগ্রো নামের চারটি রফতানিকারক প্রতিষ্ঠান দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রপ্তানি করে।
এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) বন্দরটি দিয়ে নেপালে গেল ২৩১ মেট্রিক টন আলু পাঠানো হয়। ২৬ মার্চ উপলক্ষে সরকারি ছুটি থাকায় একদিন বন্ধ থাকার পর আবারো বৃহস্পতিবার আলু রপ্তানি করা হয়েছে বলে জানান কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।