অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রামবাসীর বিনোদন, প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটন সম্ভাবনা কে বৃদ্ধির লক্ষ্যে জেলা শহর সংলগ্ন ধরলা নদীর পূর্ব পাড়ে ‘ডিসি পার্ক’ নামের একটি পরিবেশবান্ধব ইকোপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
গত শনিবার (২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবেশবাদী, সাংবাদিক এবং স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত ইকোপার্কটি মাধবরাম এলাকায় মোট ৩০ একর জমির ওপর গড়ে তোলা হবে। প্রকল্প এলাকার পাশেই গড়ে উঠছে ‘বাংলাদেশ-ভুটান ইকোনমিক জোন’। ধারণা করা হচ্ছে, এই দুটি প্রকল্প একত্রে কুড়িগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় রাজনৈতিক নেতারা বলেন, এই পার্ক কুড়িগ্রামে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সাধারণ মানুষের মানসিক বিনোদনের সুযোগ তৈরি করায় এই উদ্যোগ সময়োপযোগী ও যথার্থ।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “এই ইকোপার্ক শুধু একটি পার্ক নয়, এটি কুড়িগ্রামের মানুষের গর্বের প্রতীক হয়ে উঠবে। আমরা প্রকৃতি ও উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রেখে এটি বাস্তবায়ন করব।”
সভায় উপস্থিত সকলেই প্রকল্পটির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। জেলা প্রশাসন জানিয়েছে, সকলের মতামতকে গুরুত্ব দিয়েই পরিকল্পনাটি এগিয়ে নেওয়া হবে।