নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার উগ্র স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটলেও দেশে নতুন ধরনের জবরদস্তি ও ফ্যাসিবাদী চিন্তাধারা মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এই মন্তব্য করে বলেন, এতে বাংলাদেশের বহুত্ববাদী সমাজব্যবস্থা হুমকির মুখে পড়ছে।
সাইফুল হক বলেন, সাম্যভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই বুদ্ধিজীবীরা জীবন দিয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ পাওয়া গেলেও বাস্তবে দেশটি ক্রমে উল্টো পথে হাঁটছে। পাকিস্তান আমলের মতো দেশে দুই অর্থনীতি ও দুই সমাজ গড়ে উঠেছে। মুক্তিযুদ্ধের মূল চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—বাস্তবে প্রতিষ্ঠিত হয়নি।
মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্নের আকাঙ্ক্ষায় ২০২৪ সালের গণ–অভ্যুত্থান হয় মন্তব্য করে সাইফুল হক বলেন, কিন্তু অভ্যুত্থানের পর যাঁদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা সেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে ব্যর্থ হয়েছেন। একটি স্বৈরতন্ত্র বিদায় নেওয়ার পরও নতুনভাবে ধর্ম কিংবা মতাদর্শের নামে জবরদস্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
সাইফুল হক বলেন, বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় পথ হচ্ছে নানা মতপার্থক্যের মধ্যেও ঐক্যটাকে ধরে রাখা। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটা এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করা।