নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতি ধারনির্ভর হয়ে থাকতে পারে না, অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতেই হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি বলেন, ট্যাক্স–ভ্যাট দিয়ে জনগণ যে অর্থ দিচ্ছে, তার যথাযথ সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ–২০২৫ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শুধু ধার করা অর্থ দিয়ে অর্থনীতির গতি বাড়ানো সম্ভব নয়। দেশের উন্নয়ন ও আর্থিক স্থিতিশীলতার জন্য রাজস্বের ভিত্তি বিস্তৃত করতে হবে। একই সঙ্গে জনগণের পরিশোধিত ট্যাক্স ও ভ্যাটের বিপরীতে সেবার নিশ্চয়তা দেওয়া সরকারের প্রধান দায়িত্ব বলেও মন্তব্য করেন এই অর্থ বিশেষজ্ঞ।