https://www.a1news24.com
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৯

দলে জায়গা পেতে কোহলি ও রোহিতকে নতুন যে শর্ত দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক: টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে এই ফরম্যাটেও তাদের জায়গা এখন কিছুটা অনিশ্চিত। দলে টিকে থাকতে হলে ঘরোয়া ক্রিকেটে ফিরে খেলতে হবে। এমন নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় দলে জায়গা ধরে রাখতে চাইলে ঘরোয়া ম্যাচে পারফরম্যান্স দেখানো বাধ্যতামূলক। এই নীতির অংশ হিসেবে রোহিতকে দেখা যেতে পারে আসন্ন বিজয় হাজারে ট্রফিতে, যা শুরু হবে আগামী ২৪ ডিসেম্বর।

ভারত ৩ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি সিরিজ রয়েছে। এই দুই সিরিজের মাঝেই একমাত্র ঘরোয়া একদিনের টুর্নামেন্ট হচ্ছে বিজয় হাজারে ট্রফি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রোহিত ইতিমধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন যে তিনি টুর্নামেন্টে খেলতে প্রস্তুত। তবে বিরাট কোহলি খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন,“বোর্ড ও টিম ম্যানেজমেন্ট দুই তারকাকেই জানিয়েছে, জাতীয় দলে থাকতে চাইলে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে। তারা যেহেতু টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ ফিটনেস ধরে রাখতে ঘরোয়া খেলা জরুরি।”

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে রোহিত ভালো খেলেছেন, শেষ ম্যাচে করেছেন সেঞ্চুরি। বিরাট কোহলি প্রথম দুই ইনিংসে ব্যর্থ হলেও শেষ ম্যাচে অপরাজিত ৮৭ রানে ফর্মে ফেরেন।

রোহিত ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সাইয়েদ মুশতাক আলি টি-টোয়েন্টি ট্রফিতেও খেলতে পারেন। তিনি বর্তমানে মুম্বাইয়ের শরদ পওয়ার ইনডোর একাডেমিতে অনুশীলন করছেন। বোর্ড আশা করছে, লন্ডনে থাকা কোহলিকেও শিগগিরই ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে।

গত মৌসুমে দুজনই একটি করে রঞ্জি ম্যাচ খেলেছিলেন। কোহলি ১২ বছর পর দিল্লির হয়ে, আর রোহিত ১০ বছর পর মুম্বাইয়ের হয়ে।

আরো..