নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি ফের পিছিয়েছে। নতুন করে এই শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৯ ফেব্রুয়ারি।
আজ রোববার আপিল বিভাগে এই শুনানি হওয়ার কথা ছিল। তবে এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ।
এর আগে গত ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রিভিউটি ১৯ জানুয়ারি শুনানির জন্য ধার্য করেন।
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেওয়া সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। পরে এই রায়ের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ১৭ ডিসেম্বর আরেকটি রিটের পরিপ্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনীর বিভিন্ন বিষয় অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।