https://www.a1news24.com
১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৫

ঢাকার বিদায়, প্লে-অফে রংপুর

স্পোর্টস রিপোর্টার : শেষ ওভারে ঢাকা ক্যাপিটালসের প্রয়োজন ছিল ৩১ রান। রংপুর রাইডার্সের স্পিনার রাকিবুল হাসানের বিপক্ষে তিনটি বিশাল ছক্কা মেরে রোমাঞ্চ জাগিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। লাভ হয়নি। সাইফউদ্দিনের ঝোড়ো ব্যাটিংয়ের পরও ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। অন্যদিকে, এই হারের ফলে লীগ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বেজে গেলো ঢাকার।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুরের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ১৭০ রানে থামে ঢাকার ইনিংস। জয়ের জন্য শেষ দুই ওভারে ঢাকার দরকার ছিল ৩৫ রান। ১৯তম ওভারে বল হাতে এসে প্রথম বলেই ইমাদ ওয়াসিমকে ফেরান মোস্তাফিজুর রহমান। এ ওভারে দেন মাত্র ৪ রান। ফলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৩১ রানের। সেই কঠিন সমীকরণ মেলাতে পারেননি সাইফউদ্দিন ও তাসকিন। শেষ পর্যন্ত সাইফউদ্দিন অপরাজিত থাকেন ২১ বলে ৩৮ রান করে।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঢাকাকে চাপে রাখে রংপুরের দুই ওপেনার ডেভিড ম্যালান ও তাওহিদ হৃদয়। ম্যালান ৩৫ বলে নিজের ফিফটি পূর্ণ করে ৭৮ রান করে তাসকিনের বলে বোল্ড হন। অন্যদিকে তিনবার জীবন পেয়ে তাওহিদ হৃদয় খেলেন ৪৬ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস। এই দুজনের ১২৬ রানের ওপেনিং জুটি এবারের বিপিএলে যে কোনো উইকেটে তৃতীয় সর্বোচ্চ। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে রংপুর। ঢাকার পক্ষে সাইফউদ্দিন ৩৩ রানে ২ উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা উসমান খানের ছক্কায় দারুণ হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। উসমান ৪৪ ও সাইফ হাসান প্যাভিলিয়নে ফেরায় চাপে পড়ে দলটি। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২৮ বলে ২৫ রান করে ফিরলে জয়ের আশা ফিকে হয়ে আসে। ইমাদ ওয়াসিম ও সাইফউদ্দিনের ব্যাট জয়ের সম্ভাবনা জাগলেও শেষতক হার দেখে ঢাকা ক্যাপিটালস। জয়ের পর ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফে নিজেদের স্থান নিশ্চিত করে রংপুর রাইডার্স।

আরো..