অনলাইন ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এই বছর একটি বৈঠক হওয়ার ‘ব্যাপক সম্ভাবনা’ রয়েছে। খবর সিএনএনের।
শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে রুবিও সাংবাদিকদের বলেন, ‘সম্ভাবনা অনেক বেশি। আমার মনে হয়, উভয়পক্ষই এটি ঘটাতে চায়।রুবিও জানান, সম্ভাব্য বৈঠকের নির্দিষ্ট কোনো তারিখ তিনি দিতে পারছেন না, তবে উভয়পক্ষের মধ্যে একটি শক্তিশালী ইচ্ছা রয়েছে এটি করার জন্য। তিনি যোগ করেন, যেকোনো ধরনের ফলপ্রসূ বৈঠক নিশ্চিত করতে সঠিক পরিবেশ তৈরি করা জরুরি।
রুবিও শুক্রবার কুয়ালালামপুরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাৎ করেন — যা দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ। এই বৈঠক অনুষ্ঠিত হলো এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্যিক উত্তেজনা মোকাবিলা করছে এবং এশিয়ায় প্রভাব বিস্তারে প্রতিদ্বন্দ্বিতা করছে।প্রায় এক ঘণ্টা স্থায়ী ওই বৈঠককে খুবই গঠনমূলক এবং ইতিবাচক বলে উল্লেখ করেন রুবিও।
রুবিও বলেন, আমরা দুটি বড়, ক্ষমতাধর দেশ এবং এমন কিছু বিষয় থাকবেই যেখানে আমাদের মধ্যে মতানৈক্য থাকবে। তবুও আমি মনে করি এটি ছিল খুবই গঠনমূলক ও ইতিবাচক একটি বৈঠক এবং আমাদের সামনে অনেক কাজ বাকি আছে।