নিজস্ব প্রতিবেদক: জোট করলেও জাতীয় নির্বাচনে নিজস্ব প্রতীকে ভোট করতে হবে; গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
রোববার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। এ সময় দলের অন্য কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে; গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। পূর্বের অবস্থা বহাল করার জন্য বিএনপির পক্ষ থেকে সিইসিকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনের প্রস্তাব ছিল না। বিএনপি এর সঙ্গে একমত পোষণ করে না, এটি গ্রহণযোগ্য নয়। আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়ায় গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে বিএনপি মনে করে। উপদেষ্টা পর্যায়েও চিঠি দেওয়া হবে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত।
ইসমাইল জবিউল্লাহ বলেন, অতীতে এ নিয়ে কোনো জটিলতা বা সমস্যা সৃষ্টি হয়নি। কোনো দলের পক্ষ থেকে এই বিধান সংশোধানের দাবি এসেছে বলেও জানা নেই। কিন্তু এই সরকারের সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিএনপি ইতোমধ্যে বলেছে, ২০ নম্বর অনুচ্ছদ পরিবর্তনের সঙ্গে বিএনপি একমত পোষণ করে না। এটা সরকার ও ঐকমত্য কমিশনে জানানোও হয়েছে।
তিনি আরও বলেন, এই বিষয়ে সরকারের উপদেষ্টারা আরপিও’র ২০ নম্বর অনুচ্ছেদের পরিবর্তন আনা হবে না বলে আশ্বস্ত করে। কিন্তু হঠাৎ করে জোট করলেও দলীয় প্রতীকে ভোটের খবরে আমরা বিস্মিত হয়েছি।
বিএনপির এই নেতা বলেন, জোটবদ্ধ হয়ে রাজনীতি করার কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনের অধিকার থাকলে জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুযায়ী নিজ দল কিংবা জোটবদ্ধ যেকোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার। তাই আরপিওতে ২০ নম্বর অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে।
আইন উপদেষ্টার কাছে এ ধরনের চিঠি দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, আজ এই ধরনের সিমিলার লেটার আমাদের উপদেষ্টা পর্যায়ে সরকারের আইন উপদেষ্টা মহোদয়ের কাছেও পৌঁছে দেওয়া হবে। আমরা আশা করি, জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো নিজের দল অথবা ভোটের যেকোনো একটা দলের প্রতীক নিয়ে নির্বাচন দিতে পারবে।