https://www.a1news24.com
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৩

জুয়ার আসর থেকে ইউনিয়ন জামাতের সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে জুয়ার আসরে পুলিশ আকস্মিক অভিযান চালিয়ে জামায়াতের ইউনিয়ন সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সহ মোট ১৪ জন জুয়ারুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার দিবাগত (৩ আগস্ট) গভীর রাতে ঢুষমারা থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলার সময় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে জুয়ার বিভিন্ন সরঞ্জাম সহ নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নয়ারহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি সানোয়ার, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন (২৮), আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আব্দুল মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭) ও সুমন (২৬)। এরা সবাই ঢুষমারা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ বিষয়ে ঢুষমারা থানার ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তারকৃতদের রোববার (৩ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, চিলমারী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফজলুল হক মিঠুন ইউনিয়ন জামাতের সভাপতির জুয়ার আসরে গ্রেফতার হওয়ার বিষয়ে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বা খারাপ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নতুন নেতৃত্ব সৃষ্টি করে ওই এলাকায় দ্বায়িত্ব দেয়া হবে।

আরো..