ক্রীড়া ডেস্ক: ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে জমজমাট ম্যাচে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার (১ জুলাই) রাতে অনুষ্ঠিত শেষ ষোলোর এই ম্যাচে একমাত্র গোলটি করেন গঞ্জালো গার্সিয়া। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে দুর্দান্ত এক হেডে জালে বল জড়ান তিনি। চলতি আসরে এটি তার তৃতীয় গোল।
মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পেও, তবে প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি। রিয়ালের আক্রমণভাগ ছিল বেশ সক্রিয়—মোট ২২টি শটের ১১টি ছিল লক্ষ্যে। জুভেন্টাস মাত্র ৬টি শট নিতে পারে, যার মধ্যে দুটি ছিল লক্ষ্যে, তবে কোনোটি থেকেই গোল আসেনি।শেষ মুহূর্তে কোলো মুয়ানিকে বক্সে ফেলে দেওয়ার ঘটনায় পেনাল্টির আবেদন জানালেও রেফারি তাতে সাড়া দেননি।
গার্সিয়ার হেডেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে কোয়ার্টারে ওঠে জাবি আলোনসোর শিষ্যরা। ম্যাচজুড়ে জমজমাট লড়াই উপহার দিলেও জয় হাসল রিয়াল মাদ্রিদই।